কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে উপন্যাস লেখার অভিযোগে একটি বহুল আলোচিত হরর উপন্যাসের প্রকাশনা বাতিল করেছে বিশ্বখ্যাত প্রকাশনী সংস্থা ‘হ্যাশেট’। মার্কিন লেখিকা মিয়া ব্যালার্ডের ‘শাই গার্ল’ উপন্যাস নিয়ে এ নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে তারা।
আগামী মাসে যুক্তরাষ্ট্রে বইটির বড় পরিসরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এআই ব্যবহারের প্রমাণ মেলায় হ্যাশেট কেবল মার্কিন প্রকাশনাই বাতিল করেনি, বরং গত নভেম্বরে যুক্তরাজ্যে প্রকাশিত সংস্করণটিও বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কোনো বড় প্রকাশনী সংস্থা থেকে এআই ব্যবহারের অভিযোগে বাণিজ্যিক উপন্যাস বাতিলের ঘটনা এটিই প্রথম।
বইটি নিয়ে পাঠকদের রিভিউ সাইট ‘গুডরিডস’-এ নেতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করলে বিতর্কের সৃষ্টি হয়। পাঠক মন্তব্য করেন, বইটি পড়ে মনে হচ্ছে এটি ‘চ্যাটজিপিটি’ দিয়ে লেখা। অন্য পাঠকরাও বইটির অদ্ভুত ফরম্যাটিং, বানান ভুল এবং একই শব্দের বারবার ব্যবহারের দিকে আঙুল তোলেন।
মিয়া ব্যালার্ড অবশ্য নিজে এআই ব্যবহারের কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, বইটির পাণ্ডুলিপি এডিট করার জন্য তিনি যাকে নিয়োগ দিয়েছিলেন, সম্ভবত সে ব্যক্তিই তাঁর অজান্তে এআই ব্যবহার করেছেন। এই বিতর্কে নিজের ক্যারিয়ার ও মানসিক অবস্থা নিয়ে ভেঙে পড়া মিয়া বলেন, যা আমি নিজে করিনি, তার জন্য আমার নাম নষ্ট হলো। আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।
হ্যাশেটের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, তারা মৌলিক সৃজনশীলতা এবং লেখকস্বত্ব রক্ষায় বদ্ধপরিকর। তাই ‘শাই গার্ল’ আর প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে ‘শাই গার্ল’ অনলাইনে ও যুক্তরাজ্যে প্রায় দুই হাজার কপি বিক্রি হয়েছিল। ‘বুকটক’ হিসেবে এটি বেশ পরিচিতি পেয়েছিল।