মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সীমিত সংখ্যক স্মারক পাসপোর্ট বানাতে যাচ্ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি থাকবে। খবর বিডিনিউজের।দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের পছন্দ বা তার নামকে রাষ্ট্রীয় বিভিন্ন সম্পদ, স্থাপনা ও নথিতে যুক্ত করেই যাচ্ছে, এটি তার সর্বশেষ উদাহরণ, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
জুলাইয়ে যুক্তরাষ্ট্র তার স্বাধীনতা ঘোষণার আড়াইশ বছর উদযাপন করতে যাচ্ছে, তার অংশ হিসেবেই এই সীমিত সংখ্যক পাসপোর্ট ছাড়া হবে, মঙ্গলবার এমনটাই বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট। তবে তার এ বিবৃতিতে স্মারক পাসপোর্টগুলোতে যে ট্রাম্পের ছবি থাকছে, তা বলা হয়নি। পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারক পাসপোর্টের নকশার যে ডিজিটাল নমুনা ছবি প্রকাশ করেছে তাতে পাসপোর্টের ভেতরে এক জায়গায় ট্রাম্পের প্রতিকৃতি দেখা যাচ্ছে, যার উল্টো পৃষ্ঠায় থাকছে ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষরের ছবি। এসব পাসপোর্টের নকশা হবে বিশেষ ও ছবিসমৃদ্ধ, সঙ্গে আগের সব নিরাপত্তা বৈশিষ্ট্যও থাকবে, যা মার্কিন পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে নিরাপদ কাগজে পরিণত করেছে, বলেছেন পিগোট।