শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে গেল বাংলাদেশ

আইসিসির বার্ষিক র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে টি–টোয়েন্টিতে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। সঙ্গে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমে যাওয়ায়, তালিকায় এক ধাপ উন্নতি করেছে লিটন কুমার দাসের দল। পূর্ব নির্ধারিত দিনে মঙ্গলবার পুরুষ ও নারী টি–টোয়েন্টি দলের র‌্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। ছেলেদের টি–টোয়েন্টিতে এখন অষ্টম স্থানে আছে বাংলাদেশ। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে এগোতে না পারলেও রেটিং পয়েন্ট বাড়াতে পেরেছে নিগার সুলতানার দল। এই বছরের হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আর আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে। বাংলাদেশের আগের রেটিং পয়েন্ট ছিল ২২৪। এবারের হালনাগাদে তাদের পয়েন্ট এক বেড়ে হয়েছে ২২৫। আর ছয় পয়েন্ট হারিয়ে নয় নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা (২২১)। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি জায়গায় আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই শীর্ষে টি–টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত (২৭৫)। এরপর যথাক্রমে আছে ইংল্যান্ড (২৬২), অস্ট্রেলিয়া (২৫৮), নিউ জিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)। শ্রীলঙ্কার চেয়ে স্রেফ এক পয়েন্ট কম নিয়ে দশম স্থানে আছে আফগানিস্তান (২২০)। একাদশ ও দ্বাদশ স্থানে আছে জিম্বাবুয়ে (২০২) ও আয়ারল্যান্ড (১৮৩)। নেদারল্যান্ডস (১৮০) ও স্কটল্যান্ডকে (১৭৯) টপকে ত্রয়োদশ স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে সপ্তদশ স্থানে উঠেছে নেপাল। আর কানাডার উপরে ১৯তম স্থানে জায়গা করে নিয়েছে ওমান। এছাড়া উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে, ইতালি ১১ পয়েন্ট অর্জন করে ২৬তম থেকে ২৩তম স্থানে উঠে এসেছে। স্পেন ১২ পয়েন্ট এগিয়ে এখন ২৬ নম্বরে। সবচেয়ে বেশি অবনতি হয়েছে মোজাম্বিকের; হালনাগাদে তারা ১৫ ধাপ নিচে নেমে ৮৭তম স্থানে আছে। এবারের হালনাগাদে র‌্যাঙ্কিংভুক্ত দলের সংখ্যা ১০২ থেকে কমিয়ে ৯৮ করা হয়েছে। গত তিন বছরে প্রয়োজনীয় ন্যূনতম ৮টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি না খেলায় এই তালিকায় জায়গা হয়নি ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরায়েলের।

মেয়েদের র‌্যাঙ্কিংয়ে প্রথম ১৬টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। ২৮৭ পয়েন্ট নিয়ে যথারীতি চূড়ায় অস্ট্রেলিয়া। পরের দুটি স্থানে যথাক্রমে ইংল্যান্ড (২৭৫) ও ভারত (২৬৪)। চার নম্বর ও পাঁচ নম্বরে নিউ জিল্যান্ড (২৫৩) ও দক্ষিণ আফ্রিকা (২৪৩)। ষষ্ঠ স্থানের ওয়েস্ট ইন্ডিজের (২৩৮) সঙ্গে ব্যবধান স্রেফ এক পয়েন্টে নামিয়ে এনেছে শ্রীলঙ্কা (২৩৭)। অষ্টম স্থানে পাকিস্তান ২১৬ রেটিং পয়েন্ট নিয়ে। ছয় পয়েন্টে বেড়েছে বাংলাদেশ নারী দলের। তাদের আগের পয়েন্ট ছিল ১৯৪, এখন ১৯৯। নবম স্থানের আয়ারল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান স্রেফ এক। র‌্যাঙ্কিং থেকে বাদ পড়েছে কম্বোডিয়া। র‌্যাঙ্কিং ফিরে পেতে আরও চারটি ম্যাচ খেলতে হবে তাদের। গত তিন বছর কোনো ম্যাচ না খেলায় তালিকায় নেই পেরু। আগামী বৃহস্পতিবার পুরুষদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করবে আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *