ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা!

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। মাঠে রেকর্ড ভাঙছেন লিওনেল মেসি, আর মাঠের বাইরেও তাকে নিয়ে চলছে ভক্তদের উচ্ছ্বাস। তবে এবার সেই উন্মাদনায় যোগ হলো বাংলার লোকসংগীতের কিংবদন্তি শাহ আব্দুল করিমের নামও।

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার এই অর্জন উদযাপন করতে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ। সেই পোস্টে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা মেসি দুই হাত উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। আকাশে জ্বলজ্বল করছে তার নতুন গোল সংখ্যা ‘১৮’। আর পোস্টারের ওপরে লেখা ‘কী যাদু করিয়া মেসি মায়া লাগাইছে’। লাইনটি বাঙালির হৃদয়ে গেঁথে থাকা কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান ‘কী যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে’ থেকে অনুপ্রাণিত। প্রেম, টান আর মায়ার সেই চিরন্তন অনুভূতিকেই যেন ফুটবলপ্রেমীদের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে ফিফা। খবর বাংলানিউজের।

পোস্টটি প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেই ৭৪ হাজারের বেশি রিয়্যাকশন, প্রায় ৩ হাজার মন্তব্য এবং হাজারো শেয়ার জমা পড়েছে। মন্তব্যের ঘরে বাংলা ভাষাভাষী ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অনেকেই লিখেছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পেজে শাহ আব্দুল করিমের গানের লাইন দেখে তারা আবেগাপ্লুত। কেউ বলেছেন, মেসির প্রতি ভালোবাসা প্রকাশে এর চেয়ে মানানসই শব্দ খুঁজে পাওয়া কঠিন। আবার কেউ মন্তব্য করেছেন, এটি শুধু মেসির অর্জনের স্বীকৃতি নয়, বাংলা ভাষা ও সংস্কৃতিরও এক অনন্য সম্মান।

বাংলার লোকসংগীতকে বিশ্বদরবারে পরিচিত করে তোলার ক্ষেত্রে শাহ আব্দুল করিমের অবদান অনস্বীকার্য। তার গান প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই গানের একটি পঙ্‌ক্তি যখন ফিফার মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে স্থান পায়, তখন তা নিছক একটি সামাজিকমাধ্যমের পোস্টে সীমাবদ্ধ থাকে না; হয়ে ওঠে বাঙালির সাংস্কৃতিক আবেগেরও এক বিশেষ মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *