দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় আর্জেন্টিনার

ফিফা র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা দলের বিপক্ষে প্রত্যাশিত একপেশে জয় পায়নি আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় ও ১১৫তম দলের লড়াইয়ে শেষ মুহূর্তের গোল হজম করে কিছুটা অস্বস্তি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। ঘরের মাঠ লা বোম্বোনেরায় শনিবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আর্জেন্টিনার হয়ে প্রথমার্ধে গোল দুটি করেন এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ। অন্যদিকে, যোগ করা সময়ে মৌরিতানিয়ার হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন জর্ডান লেফোর্ট।

অধিনায়ক লিওনেল মেসিকে বেঞ্চে রেখেই শুরুর একাদশ সাজিয়েছিলেন কোচ স্কালোনি। তবে মেসি না থাকলেও প্রথমার্ধের শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্বাগতিকরা। আক্রমণে মৌরিতানিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজরা।

১৭ মিনিটে অবশেষে গোলের তালা খোলে আর্জেন্টিনা। নাহুয়েল মোলিনার দারুণ এক ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ।

পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। উল্টো ৩২ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল আদায় করে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। এবার ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক শটে মৌরিতানিয়ার জাল কাঁপান নিকো পাজ। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমর্থকদের উল্লাসে ভাসিয়ে মাঠে নামেন লিওনেল মেসি। তার সঙ্গে রদ্রিগো ডি পল ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও বদলি হিসেবে নামান স্কালোনি। ৫৫ মিনিটে মাস্তানতুয়োনোর পাস থেকে মেসির শটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭২ মিনিটে আরও একবার ড্রিবলিংয়ে জায়গা তৈরি করলেও শেষ পর্যন্ত বলের দখল হারান এই মহাতারকা। প্রথমার্ধের দাপট ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে ফিনিশিংয়ের অভাবে আর কোনো গোলের দেখা পায়নি স্কালোনির দল।

ম্যাচ যখন ২-০ গোলের জয়ে শেষ হওয়ার অপেক্ষায়, ঠিক তখনই নাটকীয়তা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফ্রি-কিক থেকে বক্সের ভেতর জটলার সৃষ্টি হয়। সেখান থেকে ফিরতি বল পেয়ে দারুণ এক ক্রস-শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন মৌরিতানিয়ার জর্ডান লেফোর্ট।

শেষ মুহূর্তে গোল হজমের আক্ষেপ থাকলেও ২-১ ব্যবধানের জয় নিয়েই মার্চ উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচ শেষ করে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দ্বিতীয় প্রীতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *