সুযোগ ছিল স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছার। কিন্তু অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক জিরোনার কাছে ২-১ গোলে হেরে সেই সুযোগ হারিয়েছে বার্সেলোনা। সোমবার রাতে কাতালান ডার্বিতে পেনাল্টি মিস করে বার্সাকে ডুবিয়েছেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এই হারে লিগ টেবিলে শীর্ষে ফেরা হয়নি বার্সেলোনার। ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
জিরোনা ঘরের মাঠে ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় ফ্রান বেলত্রানের গোলে জয় নিশ্চিত করে। এই জয়ে অবনমন শঙ্কা কিছুটা দূর করেছে তারা। জয়সূচক গোলের আগে বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দেকে ফাউলের অভিযোগ ওঠে। তবে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) সংক্ষিপ্ত পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত বহাল রাখেন। জিরোনা দশজনের দলে পরিণত হয় যোগ করা সময়ের মাঝামাঝি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা জোয়েল রোকা বিপজ্জনক ট্যাকেল করে ফেলে দেন ইয়ামালকে।
ফলে লালকার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। এর পরও সমতা ফেরাতে ব্যর্থ হয় বার্সেলোনা। জিরোনার বিপক্ষে লিগে এটি তাদের মাত্র তৃতীয় হার। ম্যাচের শুরু থেকেই জিরোনা ছিল আক্রমণাত্মক। অন্যদিকে বার্সা ছিল কিছুটা মন্থর বা ধীরস্থির। নষ্ট করে একাধিক সহজ সুযোগ। লামিনে ইয়ামাল দু’বার কাছ থেকে গোলের সুযোগ হাতছাড়া করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পোস্টে মারেন।
বিরতির পর ৫৯ মিনিটে ডান দিক থেকে কুন্দের ক্রস পেয়ে বার্সার সেন্টার-ব্যাক পাও কুবারসি হেডে বল জালে পাঠিয়ে দলকে এনে দেন লিড। ক্লাবের জার্সিতে এটি তার প্রথম লিগ গোল। পিছিয়ে পড়েও দুই মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় জিরোনা। ভøাদিস্লাভ ভানাতের পাস থেকে টমাস লেমার গোল করে টানা দ্বিতীয় ম্যাচে স্কোরশিটে নাম লেখান। এর কিছুক্ষণ পর ৭১ মিনিটে আবারও বল জালে জড়ায় জিরোনা।
ভিক্টর সিগানকভের হেড গোলরক্ষক ঠিকমতো ধরতে না পারায় গোললাইন বরাবর ধাক্কার কারণে ফাউলের সিদ্ধান্ত দেওয়া হয়। ৮৬ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায়। গোল করেন বেলত্রান। ম্যাচ শেষে রেফারির সামালোচনা করে বার্সার জোয়ান গার্সিয়া বলেন, খেলা চলাকালীন আমি এটা পরিষ্কার দেখতে পারিনি-ঘটনাটি খুব দ্রুত হয়েছে। কিন্তু রিপ্লে দেখার পর আমার কাছে এটা ফাউল। মাঠে রেফারি ভুল করতেই পারেন, কেননা ঘটনাটি খুব দ্রুত ঘটেছিল। কিন্তু আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করেছে, তা হচ্ছে, ভিএআর তাকে (রেফারিকে) ডাকেনি। এগুলো অবশ্য হয়।