চতুর্থ জয় বাংলাদেশ এইচপি একাদশের

আরিফুল ইসলাম ও সাব্বির রহমানের জোড়া হাফ–সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দলকে। এতে ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৮ পয়েন্ট আছে ভিক্টোরিয়া সিএ একাদশেরও। রান রেটে এগিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভাল ক্রিকেট মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি একাদশ। রানের খাতা না খুলেই ইনিংসের তৃতীয় বলে আউট হন ওপেনার জিশান আলম। আগের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন জিশান। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ও আরিফুল। জুটিতে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান অবদান রেখে সাজঘরে ফিরেন সোহান। চার নম্বরে নেমে ৩ রানের বেশি করতে পারেননি অধিনায়ক ইরফান শুক্কুর। এতে ৫১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন আরিফুল ও সাব্বির। ৫৩ বল খেলে ৯০ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৭ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৭১ রানে আউট হন আরিফুল। ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানের বড় পুঁজি এনে দেন সাব্বির। ৬ চার ও ২ ছক্কায় ৩৬ বলে অনবদ্য ৬২ রান করেন তিনি। নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাথু ফিশার ২ উইকেট নেন। ১৮২ রান তাড়া করতে নেমে ১২ ওভারে ২ উইকেটে ১১৪ রান তুলে জয়ের পথে ছিল নিউজিল্যান্ড ‘এ’। তবে দলীয় ১১৪ রানে তৃতীয় উইকেট পতনের পর পথ হারায় তারা। ৪৪ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ম্যাক্স চু। এছাড়া ম্যাথু বোয়েল ৩১ ও কাটেনি ক্লার্ক ২৪ রান করেন। পেসার রিপন মন্ডল ২৭ রানে এবং স্পিনার রাকিবুল হাসান ২৩ রানে ৩টি করে উইকেট নেন। পাশাপাশি মোহাম্মদ রুবেল ও আব্দুল গাফফার সাকলাইন ১টি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *