আসছে নাবিলার ‘বনলতা সেন’

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে মাসুমা রহমান নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী।

সমপ্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করেন তিনি। এর ক্যাপশনে তিনি লেখেন, না, এ কোনো যন্তর মন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে। এ বিষয়ে নাবিলা বলেন, অনেক দিনের অপেক্ষা শেষ হলো। একটা সময় তো আমরা নিজেরাই ভাবছিলাম যে, সিনেমাটা আদৌ মুক্তি পাবে কি না! যেহেতু পোস্টের কাজ ভারতে হচ্ছিল, মাঝে সেখানে যাওয়ার ভিসা নিয়েও নানা জটিলতা ছিল।

যে কারণে এত দেরি হলো। অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে। আমি ভীষণ খুশি। আর ঈদে সিনেমা মুক্তি পেলে আনন্দটাও বেড়ে যায়। এর আগে ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সে সময় মুক্তি স্থগিত করা হয়। পরে গত বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ২০২১–২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমাটি।

ছবিতে নাবিলা ছাড়াও কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়াও রয়েছেন– সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *