
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। পাত্রী সবার চেনা, অভিনেতার প্রেমিকা গৌরী স্প্র্যাট। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরীকে রেজিস্ট্রি করে বিয়ে করবেন আমির। এনডিটিভি লিখেছে, ৬০ বছর বয়সেও প্রেমে পড়ার খবর গত বছরই দিয়েছিলেন অভিনেতা।
জন্মদিনে নতুন সঙ্গীকে প্রকাশ্যে এনেছিলেন তিনি। হিন্দুস্তান টাইমসের এক অনুষ্ঠানে গত বছর আমির বলেছিলেন, জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আশা তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। জীবনসঙ্গী হতে পারে এমন কাউকে আর খুঁজে পাবেন না বলেই তার কাছে মনে হচ্ছিল। কাউকে পাবেন সেই আশাই তিনি করেননি। এরপর গৌরী সম্পর্কে তিনি বলেছিলেন, সে (গৌরী স্প্র্যাট) জীবনে অনেক প্রশান্তি আর স্থিরতা নিয়ে এসেছে। আসলেই সে অসাধারণ মানুষ। নিজেকে সত্যিই অনেক ভাগ্যবান মনে করি যে তার সঙ্গে দেখা হয়েছে। আগের বিয়েগুলো হয়ত টেকেনি, কিন্তু আমাদের জীবন তো থেমে থাকেনি। আমি এখনো সুখী যে রীনা, কিরণ আর এখন গৌরীর মতো মানুষের আগমন ঘটেছে জীবনে। তিনজন আমার গড়ে ওঠার পেছনে খুব বড় অবদান রেখেছে। ১৬ বছর সংসারের পর ২০০২ সালে রীনার সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। আমির খানের দ্বিতীয় সংসার জীবনও টেকে ১৬ বছর। ২০২১ সালে কিরণের সঙ্গে তার বিচ্ছেদ হয়।