লোহাগাড়ায় থানার আবাসন কক্ষের বিছানায় মিলল এসআইয়ের মরদেহ

লোহাগাড়া থানার আবাসন থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার আবাসন কক্ষের নিজ বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।

জানা যায়, নিহত আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল হকের চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারের এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, তাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আজিজুল হকের মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে সে বুকে ব্যাথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিল।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, রাতে কোনো একসময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, লোহাগাড়া থানার এসআই আজিজুল হক স্ট্রোক করে মারা গেছেন।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু। আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি। তার পরিবারের সদস্যরা আসছেন। থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুলিশ লাইনে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *