আজ আষাঢ়ী পূর্ণিমা

গৌতম বুদ্ধের জীবনের পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিবিজড়িত পবিত্র আষাঢ়ী পূর্ণিমা আজ বুধবার। বৌদ্ধ সমপ্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই তিথিতে বুদ্ধের জীবন, ত্যাগ, বোধিলাভের পর ধর্মপ্রচার ও মানবকল্যাণের বাণী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ উপলক্ষে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনা, পূজা ও নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় বর্ণনা অনুযায়ী, এই তিথিতে সিদ্ধার্থ গৌতম মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। মানুষের দুঃখ ও মুক্তির পথের সন্ধানে এদিনই তিনি রাজপ্রাসাদের জীবন ত্যাগ করে গৃহত্যাগ করেন। পরে বুদ্ধত্ব লাভের পর এই তিথিতে সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন। একই সঙ্গে তাবতিংস স্বর্গে গিয়ে মাতৃদেবীকে ধর্মদেশনা দেওয়ার ঘটনাও আষাঢ়ী পূর্ণিমার সঙ্গে স্মরণ করা হয়। আষাঢ়ী পূর্ণিমার দিন থেকেই শুরু হয় ভিক্ষু সংঘের তিন মাসব্যাপী বর্ষাবাস বা বর্ষাব্রত। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবাণী পাঠ ও ধর্মীয় মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর ভিক্ষু–সংঘের প্রাতঃরাশ, জাতীয়, ধর্মীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, পঞ্চশীল ও উপোসথ শীল গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ভিক্ষু সংঘকে বর্ষাসাঠিক (পরিধেয় বস্ত্র) দান, পিণ্ডদান, মধ্যাহ্নভোজ এবং আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনা সভার আয়োজন থাকবে। বিকেলে বুদ্ধ কীর্তন, আলোকসজ্জা এবং সন্ধ্যায় প্রদীপ পূজা করা হবে। দেশ ও বিশ্বের শান্তি, দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা এবং প্রয়াত স্বজনদের নির্বাণ সুখ কামনায় পুণ্যদানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী আয়োজন।

হাটহাজারী প্রতিনিধি জানান : হাটহাজারীর আটটি বৌদ্ধ অধ্যুষিত এলাকার ১৪টি বিহার, মন্দির ও প্যাগোডায় আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *