১৫ বছরের কম বয়সিদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল আমিরাত

শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। আরব দেশগুলোর মধ্যে এটিই প্রথম এমন কঠোর পদক্ষেপ। সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার অনুমোদিত এক অধ্যাদেশ অনুযায়ী, ১৫ বছরের নিচে কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি, ব্যবহার বা পরিচালনা করতে পারবে না। 

তবে ১৫ ও ১৬ বছর বয়সিদের জন্য নির্দিষ্ট নিয়ম ও কঠোর নজরদারির মাধ্যমে সামাজিক মাধ্যম ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তাদের সুরক্ষায় ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা, অপরিচিত ব্যক্তির যোগাযোগ ঠেকানো, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং অভিভাবকদের তদারকির সুযোগ নিশ্চিত করা হবে। দেশে কার্যক্রম পরিচালনাকারী সব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মকে নতুন এই নিয়ম মানতে হবে। ব্যবহারকারীর প্রকৃত বয়স যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল পরিচয়পত্রের মতো প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বয়স উল্লেখ করে অ্যাকাউন্ট খোলার সুযোগ আর থাকবে না। নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সিদের সব অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। বয়স গোপন করে অ্যাকাউন্ট চালানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিশুদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার এবং তাদের আচরণগত তথ্যের ভিত্তিতে প্রোফাইল তৈরি করাও নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে নতুন নিয়ম বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হয়েছে।

আ অমরাত সরকার জানিয়েছে, শিশুদের অনুপযুক্ত কনটেন্ট থেকে সুরক্ষা দেওয়া, অনিরাপদ যোগাযোগ বন্ধ করা, অতিরিক্ত আসক্তি কমানো এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সমপ্রতি অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আরব আমিরাত বলছে, বৈশ্বিক এই উদ্যোগের অংশ হিসেবেই তারা নতুন আইন চালু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *