হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর ফলে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সামরিক শিক্ষা, ফেলোশিপ এবং সার্টিফিকেট কোর্স সংক্রান্ত দীর্ঘদিনের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। খবর বাসসের। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইভি লিগভুক্ত প্রতিষ্ঠান হার্ভার্ডের বিরুদ্ধে ওক আদর্শ বা অতি–উদারপন্থী মতাদর্শ প্রচারের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। এই বিরোধের জের ধরেই পেন্টাগন এমন কঠোর পদক্ষেপ নিল। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে পেন্টাগন আমাদের সেরা এবং মেধাবী কর্মকর্তাদের হার্ভার্ডে পাঠিয়েছে। আমরা আশা করেছিলাম, বিশ্ববিদ্যালয়টি আমাদের লড়াকু সৈনিকদের গুরুত্ব ও মূল্য বুঝতে পারবে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, কিন্তু দেখা গেছে, আমাদের অনেক কর্মকর্তাই হার্ভার্ডের রঙে রঞ্জিত হয়ে ফিরে আসছেন।

তাদের মাথা বিশ্বায়ন আর উগ্র আদর্শে ঠাসা, যা আমাদের বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াতে কোনো কাজে আসে না। পেন্টাগন জানায়, ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে এই বিচ্ছেদ কার্যকর হবে। তবে বর্তমানে যেসব সামরিক কর্মকর্তা সেখানে অধ্যয়নরত আছেন, তারা তাদের কোর্স শেষ করার সুযোগ পাবেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ (সাবেক টুইটার) এক পোস্টে হেগসেথ লিখেন, হার্ভার্ড হলো ওক (অতি–উদারপন্থী), কিন্তু যুদ্ধ দপ্তর (পেন্টাগন) তা নয়।

হেগসেথ আরও জানান, সামরিক প্রশিক্ষণ ও শিক্ষার জন্য পেন্টাগন এখন আইভি লিগভুক্ত অন্য সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তাদের সম্পর্ক পর্যালোচনা করবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো–পাবলিক বিশ্ববিদ্যালয় বা আমাদের নিজস্ব সামরিক গ্র্যাজুয়েট প্রোগ্রামের তুলনায় এসব প্রতিষ্ঠান ভবিষ্যৎ উর্ধ্বতন কর্মকর্তাদের জন্য কতটা সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষা দিতে পারছে, তা যাচাই করা। পিট হেগসেথ নিজেও আইভি লিগের ছাত্র ছিলেন। তিনি প্রিন্সটন ও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন। তবে খবর রয়েছে যে, তিনি হার্ভার্ডের ডিগ্রি ফেরত পাঠিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *