এভারেস্ট চূড়ায় ৩২ বার, নতুন রেকর্ড নেপালি শেরপা কামি রিতার

রেকর্ড ৩২তম বার বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের মাথায় উঠে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন সুপরিচিত নেপালি শেরপা গাইড কামি রিতা। গত বছরই ওই চূড়ায় ৩১তম বার উঠেছিলেন তিনি, আর কোনো পর্বতারোহী তার ধারেকাছেও নেই, বলছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের। ফরটিন পিকস এক্সপেডিশন কোম্পানির হয়ে পর্বতারোহীদের নিয়ে রোববার স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটের দিকে ৫৬ বছর বয়সী কামি রিতা ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) শৃঙ্গে পৌঁছান। পাহাড়ি পর্যটনের প্রসারে তার অবদান এবং এই ঐতিহাসিক মাইলস্টোন অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছে নেপালের পর্যটন বিভাগ। তাদের বিবৃতিতে নারী শেরপা ৫২ বছর বয়সী লাকপা’কেও রেকর্ড ১১তম বার এভারেস্ট চূড়ায় ওঠায় অভিনন্দন জানানো হয়েছে। আর কোনো নারী এতবার বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় উঠতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *