ইরানে সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলের এক মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। শনিবার হামেদান–সানন্দাজ মহাসড়কে ঘটনাটি ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে।

ইরানের কোর্দেস্তান প্রদেশের রাজধানী সানন্দাজের গর্ভনর জানিয়েছেন, ট্যাঙ্কারটির ব্রেক ফেল করে দুর্ঘটনায় পড়ার পর বিস্ফোরণটি ঘটে। এরপর আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে। ইরানে প্রাণঘাতী ট্যাঙ্কার ও বাস দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস আছে। দেশটির রাস্তাগুলোর খারাপ অবস্থা, পুরনো যানবাহন ও অতিরিক্ত পণ্য বোঝাই করা যানবাহনের চলাচল দুর্ঘটনাকে নিয়মিত ঘটনায় পরিণত করেছে। ২০১৮ সালে সানন্দাজে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তুলতে থাকা একটি বাসে জ্বালানিবাহী ট্যাঙ্কার সজোরে ধাক্কা দেয়, এতে অন্তত ১৩ জন নিহত হয়। ইউনিসেফ জানিয়েছে, ইরানে ট্র্যাফিক দুর্ঘটনার হার বৈশ্বিক গড় থেকে ২০ গুণ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *