ঢাকার বনানীতে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের মালিকানাধীন হোটেল ইউনিক রিজেন্সি জব্দ এবং তার সমবায় ব্যাংকে জমা রাখা ৩৩ কোটি টাকা অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গুলশান থানায় দায়ের করা মানি লন্ডারিংয়ের মামলায় আদালতের আদেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এর আগে, ৭ আগস্ট সিআইডি রফিকুল ইসলামসহ তার ‘স্বার্থসংশ্লিষ্ট’ ব্যক্তিদের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করেছিল। একইসাথে তাদের ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং যমুনা ফিউচার পার্কে এক লাখ বর্গফুট বাণিজ্যিক জায়গা জব্দ করার নির্দেশও দিয়েছিল আদালত।
সিআইডি তদন্তে জানতে পেরেছে যে, বনানীর ১৭ নম্বর রোডে ৬ দশমিক ২ শতাংশ জমির ওপর নির্মিত ৯ তলা হোটেল ইউনিক রিজেন্সি এবং সমবায় ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জামানত হিসেবে রাখা ৩৩ কোটি ৮১ লাখ টাকা রফিকুল ইসলামের ছিল। আদালতের নির্দেশে সম্প্রতি এই সম্পদ জব্দ এবং অর্থ অবরুদ্ধ করা হয়েছে।
সিআইডি আরও জানায়, রফিকুল ইসলামের নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বড় অংকের ঋণ নেয়া হয়েছে, যার মধ্যে ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে মোট ৮৭০ কোটি টাকার ঋণ নেয়া হয়েছে।