হেফাজতে ইসলামে কোনো প্লাস মাইনাস নেই, আমরা ঐক্যবদ্ধ

ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠকে সংগঠনের ঐক্য ও আকিদাগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ১৭ মে সকালে বৈঠক শেষে সাংবাদিকদেরসাথে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, ‘হেফাজতে ইসলামে কোনো প্লাস–মাইনাস নেই। এসব কথা সম্পূর্ণ ষড়যন্ত্র। আকিদার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।’ তিনি আরও বলেন, খেলাফত মজলিশ একটি রাজনৈতিক দল, আর হেফাজতে ইসলাম আকিদাভিত্তিক সংগঠন। রাজনৈতিক ঐক্যের জন্য আমরা জামায়াতে ইসলামীর সাথে ১১ দলীয় জোট করি। সেটা রাজনৈতিক ঐক্যমত। কিন্তু আকিদার জায়গায় হেফাজত এক ও অভিন্ন। এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীও সংগঠনের অভ্যন্তরে বিভেদের গুঞ্জন নাকচ করে বলেন, ‘হেফাজতে কোনো বিভেদ নেই। ইসলাম রক্ষার প্রশ্নে আমরা সবাই এক।’ এর আগে সকাল ৯টা থেকে বাবুনগর মাদ্রাসা অডিটোরিয়ামে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সংগঠনের ঐক্য রক্ষা ও চলমান বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, মুফতি আল্লামা জসীম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ, মাওলানা আতা উল্লাহসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ। বৈঠককে ঘিরে বাবুনগর মাদ্রাসা এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্টরা বলছেন, এ বৈঠক সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *