মুস্তাফিজকে হুমকি ভারতের ধর্মীয় নেতাদের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স (কে কে আর) তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে। মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একটি বিব্রতকর পরিস্থিতির কারণে শিরোনামে এসেছেন তিনি। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধর্মীয় নেতারা মুস্তাফিজকে মাঠে খেলানোর বিরুদ্ধে হুমকি দিয়েছেন।
বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার প্রতিবাদে তারা এমন পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেছেন। উজ্জয়িনীর ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানিয়েছেন, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা; তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’ এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করার আহ্বান জানায় তারা।
এই হুমকির প্রেক্ষাপট হিসেবে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে ঘটা কিছু সহিংস ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দিপ চন্দ্র দাস এবং ২৪ ডিসেম্বর রাজবাড়ীতে অমৃত ম-ল নামে দুজন হত্যাকা-ের শিকার হন, যা নিয়ে ভারতে উত্তাপ ছড়িয়েছে। তবে কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি।’ তিনি বলেন, ‘আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনো আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’
এদিকে মুস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মুস্তাফিজের খেলার বিষয়ে সিদ্ধান্ত ক্রিকেট অপারেশন্স বিভাগই নেবে। আইপিএলের সময়সূচি ও বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ বিবেচনা করে তার অনাপত্তিপত্র নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *