গুজরাটে ভারত নিউজিল্যান্ড ম্যাচ পরিচালনা করলেন সৈকত

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে যখন নানা টানাপোড়েন চলছে, ঠিক সেই সময়ই আন্তর্জাতিক দায়িত্বে ভারতে দেখা গেল বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে উত্তেজনার মধ্যেই ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
রবিবার গুজরাটের ভাদোদারায় হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দেখা যায় তাকে। মাঠের মূল আম্পায়ার হিসেবে ছিলেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও ভারতের কেএন আনান্থাপাদ্মানাভান। 
চলতি বিপিএলেও নিয়মিত দায়িত্বে ছিলেন সৈকত। গত বৃহস্পতিবার নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচে আম্পায়ারিং করার পর আইসিসির আহ্বানে সাড়া দিয়ে মাত্র তিন দিনের ব্যবধানে তিনি ভারতে পৌঁছান। এমন সময় এই সফর, যখন বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে টি২০ বিশ্বকাপে না যাওয়ার অবস্থান জানিয়েছে। যে কারণে সৈকতের ভারতে যাওয়াটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। 
আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদ্দৌলা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত নাম। এখন পর্যন্ত তিনি ৩২টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজের ব্রিজবেন টেস্টেও তিনি মাঠের দায়িত্বে ছিলেন, যা তার অভিজ্ঞতার প্রমাণ দেয়। ৪৯ বছর বয়সী এই আম্পায়ার ১১৮টি ওয়ানডে ও ৭৫টি টি২০ আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নারী ক্রিকেটেও তার উপস্থিতি ছিল নিয়মিত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও ২০১৭ ও ২০২১ নারী ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৮ নারী টি২০ বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা। 
এর আগে আইপিএলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতে রাজনৈতিক ও ধর্মীয় চাপের মুখে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনার পর ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় ও ম্যাচগুলো অন্য দেশে আয়োজনের কথা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *