ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে উদগিরণের কারণে দেশটির ছয়টি বিমানবন্দর গতকাল রোববার ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে। রাজধানী জাকার্তার প্রধান বিমানবন্দরে শত শত ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। উদগিরণের কারণে কিছু স্কুলের পাশাপাশি মাছ ধরাও বন্ধ রাখা হয়েছে।
আগ্নেয় ছাইয়ের কারণে জাকার্তার সুকার্নো–হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এতে বিমানবন্দরটিতে শত শত যাত্রী আটকা পড়েছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিমানবন্দরটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আংকাসা পুরা এক বিবৃতিতে জানিয়েছে, কার্যক্রম বন্ধ রাখার কারণে ৫৮টি আন্তর্জাতিক ফ্লাইটসহ ৩০১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা রোববার বাকি সময়ের জন্য জাকার্তা থেকে আসা–যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে।