কক্সবাজার শহরের কলাতলী এলাকায় উত্তরণ আবাসিক এলাকা থেকে রঞ্জন চাকমা (৫৫) নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যার পর অভিযুক্ত বীরেল চাকমা (৫৪) নিহতের স্ত্রীকে ধর্ষণ করে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে। হত্যাকাণ্ডের পর ঘাতক কৌশলে পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় এক সূত্র জানায়, নিহত রঞ্জন চাকমা এবং তার স্ত্রী উক্ত এলাকায় ভাড়া থাকতেন। রাতের কোনো এক সময়, নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা বের হয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় এবং তার স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে। এরপরই স্থানীয়রা ঘাতক বীরেল চাকমাকে আটক করে পুলিশে জানায়।
ঘাতক বীরেল চাকমা কিছুদিন আগে রাঙামাটি থেকে কক্সবাজারে আসেন এবং তিনি ওই এলাকায় একটি সুপারী বাগানে মজুরের কাজ করতেন, ঠিক যেমন নিহত রঞ্জন চাকমা।
কক্সবাজার সদর থানার ওসি জানান, দুটি চাকমা পরিবার পাশাপাশি বসবাস করছিল। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক বীরেল চাকমা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
ওসি আরও জানান, ঘাতক বীরেল মদ্যপ ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া ধর্ষণের আলামত পাওয়ায় নিহতের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।