বরিশালের মতো লাহোরের হয়েও শিরোপা জেতার আশা রিশাদের

দরজাটা খুলবে খুলবে করেও খুলছিল না রিশাদ হোসেনের জন্য। কানাডার গ্লোবাল সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি তাঁর। অবশেষে বাংলাদেশের এই লেগ স্পিনার খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এই টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইতিমধ্যেই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন রিশাদ।

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সর্বশেষ আসরে রিশাদ খেলেছেন ফরচুন বরিশালে। তামিম ইকবালের নেতৃত্বে টুর্নামেন্টের শিরোপাও জিতেছেন রিশাদরা। পাকিস্তান থেকেও চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান বাংলাদেশের এই স্পিনার। মিরপুরে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ বলেছেন বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় নিজের খুশির কথা। সেই সঙ্গে বলেছেন নিজের লক্ষ্যও, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।’

এবার পিএসএল খেলতে রিশাদের সঙ্গে ছাড়পত্র পেয়েছেন লিটন দাস ও নাহিদ রানাও। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে ও নাহিদ পেশোয়ার জালমিতে। পিএসএলে বাংলাদেশের এই খেলোয়াড়েরা ভালো করলে তাঁদের জন্য খুলে যেতে পারে অন্য আরও ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাও। রিশাদ তাই এই সুযোগটা নিতে মুখিয়ে আছেন, ‘এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’

পাকিস্তানের উইকেট কিছুটা ব্যাটিং-বান্ধব হয়। খুব সম্প্রতি রিশাদ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলে এসেছেন সেখানে। বিপিএলে খেলেছেন অনেক পাকিস্তানে ক্রিকেটারের সঙ্গে। সেই অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান ২২ বছর বয়সী এই লেগ স্পিনার, ‘পাকিস্তানের উইকেট দেখেছি, যতগুলো ব্যাটসম্যানের বিপক্ষে খেলেছি, ওদের সম্পর্কে ধারণা আছে; সেগুলো নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে—এসব আরকি।’

পিএসএলে রিশাদের দল লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচ টুর্নামেন্ট শুরুর দিনেই, ১১ এপ্রিল, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরের দিন মাঠে নামবে লিটনের করাচি কিংস, একই দিনে ম্যাচ আছে নাহিদের পেশোয়ার জালমিরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *