হাসিনার প্রত্যর্পণ সংবেদনশীল, আইনের আলোকে খতিয়ে দেখা হচ্ছে : জয়সওয়াল

বাংলাদেশ সরকারের তরফে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করার কথা বলেছে ভারত। গতকাল শুক্রবার নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন। তার ওই ঘোষণা নিয়ে ব্রিফিংয়ে ভারত সরকারের মনোভাব জানতে চান সে দেশের রিপাবলিক টিভির এক সাংবাদিক।

ওই সাংবাদিক প্রশ্ন করে বলেন, আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ আবারও ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে এবং অন্যান্য অভিযুক্তদের ফিরিয়ে দিতে বলেছে। শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে কি কোনো যোগাযোগ হয়েছে?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। এ বিষয়ে আমরা আগেও বলেছিলাম। অনুরোধটি ভারতের অভ্যন্তরীণ ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে। যে কোনো দেশের ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি বেশ সংবেদনশীল এবং তা সম্পূর্ণ আইনি ও বিচারিক কাঠামোর আলোকে বিবেচনা করে ভারত। এই অনুরোধের ক্ষেত্রেও প্রচলিত আইন ও দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *