এল নিনোর প্রভাবে চরম তাপমাত্রার ঝুঁকি

বিশ্বজুড়ে আগামী মাসগুলোতে তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াতে পারে মাঝারি বা শক্তিশালী ‘এল নিনো’। মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এই পূর্বাভাস দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছে এবং উদ্ভূত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, এল নিনো একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এর প্রভাবে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। সাধারণত এই পরিস্থিতি ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হয়। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানি এল নিনোর বিকাশে জ্বালানি জোগাচ্ছে। এর প্রভাবে জুন থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের বেশির ভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা ৮০ শতাংশ। এই পরিস্থিতি আগামী নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটি এও বলেছে, এল নিনো কতটা শক্তিশালী হবে তা নিয়ে বিভিন্ন মডেলে ভিন্নতা থাকায় কিছুটা অনিশ্চয়তা আছে। তবে এর তীব্রতা মোকাবেলার প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন কর্মকর্তারা। ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, আমাদের একটি সম্ভাব্য শক্তিশালী এল নিনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। এটি খরা ও ভারী বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়িয়ে দেবে। সঙ্গে স্থলভাগ ও মহাসাগর, উভয় ক্ষেত্রেই দাবদাহের ঝুঁকি বহুগুণ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *