নির্বাচনে জামায়াত আমিরের ব্যয় ৩২ লাখ ৫৮ হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যয় হয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া ডা. শফিকুর রহমানের নির্বাচনী ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয় বিবরণী থেকে জানা গেছে, নির্বাচনে প্রচারণা বাবদ ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহন বাবদ ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভায় ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্পে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা ব্যয় হয়েছে শফিকুর রহমানের।
এছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা বাবদ ৭১ হাজার ৬০ টাকা, ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় হয়েছে জামায়াত আমিরের।

ঢাকা-১৫ আসনের ভোট করে জয়ী হয়েছেন ডা. শফিকুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করা যায়। সে হিসেবে তার ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। নির্বাচনী ব্যয় বিবরণী অনুযায়ী ব্যয়সীমার মধ্যেই ভোটের প্রচার-প্রচারণাসহ আনুষঙ্গিক কাজ সেরেছেন জামায়াত আমির।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *