ইসরায়েলে ইরানি হামলা : বেঁচে আছেন টারান্টিনো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই খবর ছড়িয়েছিল ইসরায়েলের ইরানি হামলায় প্রাণ হারিয়েছেন চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো ও তার পরিবারের সদস্যরা। স্বাভাবকিভাবেই বিদ্যুৎবেগে সেই খবর ছড়িয়ে পড়েছিল টারান্টিনোর ভক্তদের মধ্যে। তবে স্বস্তির খবর, অস্কারজয়ী এই নির্মাতা এবং পরিবারের সদস্যরা বেঁচে আছেন, সুস্থ আছেন। নির্মাতার একটি ঘনিষ্ট সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে বিনোদনমূলক অনলাইন পোর্টাল থার্টি মাইল জোন–টিএমজেড।

ফিল্মফেয়ার ডটকমক জানিয়েছে, এক লাখ ফলোয়ারের একটি এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছিল, টারান্টিনো, তার স্ত্রী এবং সন্তানরা ইসরায়েলে ইরানি হামলায় প্রাণ হারিয়েছেন। মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় খুঁজছেন–নির্মাতার এমন ভিডিও এবং ছবিও ছড়ায় সোশাল মিডিয়ায়। এমন খবর ও ছবির সূত্র হিসেবে ‘ডেডলাইন’ নামের একটি পোর্টালের কথা বলা হয় এক এক্স পোস্টে। তবে ‘ডেডলাইন’ কর্তৃপক্ষ টারান্টিনো ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর কোনো খবর প্রকাশ করেনি বলে জানিয়েছে। এর ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেছে তারা।

নির্মাতার ঘনিষ্ঠ সূত্র টিএমজেডকে বলেছেন, টারান্টিনো বেঁচে আছেন এবং ভালো আছেন। তার পরিবারও ভালো আছেন। ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওগুলো এআই দিয়ে বানানো নয়ত ভুয়া বলে দাবি করেছেন সূত্র।

টারান্টিনো নির্মিত সবশেষ সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিও, মারগট রবি অভিনয় করেছেন ২০১৯ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায়। এছাড়া ‘কিল বিল’, ‘পাল্প ফিকশন’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’, ‘রিজারভার ডগস’ সিনেমাও রয়েছে এই নির্মাতার ঝুলিতে। ‘পাল্প ফিকশন’ এবং ‘জ্যাংগো আনচেইনড’ সিনেমার জন্য বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে ক্যাটাগরিতে অস্কার পান কুয়েন্টিন টারান্টিনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *