২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের অপরাজেয় দৌড় থেমেছিল ফাইনালে। এরপর ২০২৪ টি২০ বিশ্বকাপে দাপুটে যাত্রা। অপরাজিত থেকে ফাইনালে ওঠার পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল মোড়ল দেশটি। এবার ঘরের মাঠে গ্রুপ পর্বে টানা চারে চার- প্রশ্ন ওঠে আইসিসির টুর্নামেন্টে ভারতকে হারানো সম্ভব? অবিশ্বাস্য হলেও যা সত্যি প্রমাণ করল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে উন্মাদনার হাইভোল্টেজ ম্যাচে ৭৬ রানের বড় জয়ের পথে সূর্যকুমার যাদবদের রীতিমতো উড়িয়ে দিয়ে গত বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিয়েছে প্রোটিয়ারা। ৩৫ বলে ৬৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার হাতে ডেভিড মিলার বলেছেন, ‘আমরা দেখিয়ে দিলাম, বৈশ্বিক আসরেও হারানো সম্ভব।’ ১৮৮ রানের জয়ের লক্ষ্যে ১৮.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে যাওয়া সূর্যকুমার যাদবদের জন্য এখন সেমির টিকিট পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে। ভারত অধিনায়ক অবশ্য বলেছেন, ঠিকই ঘুরে দাঁড়াবে তার দল। বৃহস্পতিবার পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
‘কোনো সন্দেহ নেই, ভারত অবিশ্বাস্য এক দল। কিন্তু বিশ্ব আসরেও যে তাদের হারানো যায়, আমরা সেটাই করে দেখিয়েছি। আমাদের জন্য এমন একটি টুর্নামেন্টে মূল ব্যাপার হলো ছোট ছোট ব্যাপারগুলি ঠিকঠাক করা এবং কাজ শেষ করা। আমরা পরিণত দল। ছেলেদের অনেকেই একসঙ্গে অনেক খেলেছে এবং চাপের মধ্যে এই ব্যাপারটি অনেক কাজে দেয়। ব্যাপারটি হলো স্রেফ নিজেদের পথে থাকা, কাজ শেষ করা নিশ্চিত করা এবং আরও বেশি কিছুর তাড়না থাকা।’ বলছিলেন মিলার। গত বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন দলটি বিশ্ব আসরে টানা ১২ ম্যাচ হারার পর পরাজয়ের স্বাদ পেল। অথচ টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপাকেই পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জাসপ্রিত বুমরাজ ও আর্শদিপ সিংয়ের দারুণ বোলিংয়ে কুইন্টন ডি কক, এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন বিদায় নেন দ্রুতই। চার ওভার শেষে প্রোটিয়াদের রান ছিল ৩ উইকেটে ২০। সেই বিপর্যয়ের মধ্যেই চমকপ্রদ পাল্টা আক্রমণে ম্যাচের চিত্র বদলে দেন ডেভিড মিলার (৩৫ বলে ৬৩) ও ডেওয়াল্ড ব্রেভিস (২৯ বলে ৪৫)। পরে ভারত আবার একটু ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ দিকে ট্রিস্টান স্টাবসের (২৪ বলে ৪৪) ঝড়ে ২০ ওভারে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
‘খেলা যখন শুরু হয়েছিল, আমরা ম্যাচে ছিলাম ভালোভাবেই। সব মিলিয়ে বোলিং আমরা ভালোই করেছি, তবে ব্যাটিং আরেকটু ভালো করতে পারতাম। আমরা এখান থেকে শিখব, চিন্তা করব এবং শক্তভাবে ঘুরে দাঁড়াব।’ বলেন সূর্যকুমার। পরের ম্যাচে চেন্নাইয়ে ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।