জয় দিয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে দু’বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতকাল রোববার সুপার এইট পর্বে গ্রুপ–২’এ ইংল্যান্ড ৫১ রানে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে ইংল্যান্ড। জবাবে ১৬.৪ ওভারে ৯৫ রানে অলআউট হয় শ্রীলংকা। ব্যাট হাতে ৬২ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে চলতি আসরে তৃতীয়বার ম্যাচ সেরা হলেন জ্যাকস। পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। জশ বাটলার ৭, জ্যাকব বেথেল ৩ ও টম ব্যান্টন ৬ রানে আউট হন। সতীর্থদের ব্যর্থতার মাঝে ইংল্যান্ডের রানের চাকা সচল রাখেন ওপেনার ফিল সল্ট। ৩৬ বলে টি–টোয়েন্টিতে সপ্তম হাফ–সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ১৫তম ওভারে দলীয় ১০৬ রানে সল্টকে থামান শ্রীলংকার স্পিনার দুনিথ ওয়েলালাগে। ৬টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে ৬২ রান করেন সল্ট। শেষ দিকে উইল জ্যাকসের ৪টি চারে ১৪ বলে ২১ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। শ্রীলংকার ওয়েলালাগে ৩টি, দিলশান মাধুশাঙ্কা ও মহেশ থিকশানা ২টি করে উইকেট নেন। জবাবে পেসার জোফরা আর্চার ও স্পিনার উইল জ্যাকসের ঘূর্ণিতে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ৯ ও কামিল মিশারাকে ৬ রানে শিকার করেন আর্চার। কুশল মেন্ডিস ৪, পাভান রত্নানায়েকে শূন্য ও ওয়েলালাগেকে ১০ রানে আউট করেন জ্যাকস। শুরুর চাপ পরের দিকে আর সামলে উঠতে পারেনি শ্রীলংকা। ১৬.৪ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় তারা। সাত নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। জ্যাকস ৩টি, আর্চার–লিয়াম ডওসন ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন। এই নিয়ে টি–টোয়েন্টিতে টানা ১২ ম্যাচে শ্রীলংকাকে হারাল ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *