রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত রোগে মারা যাওয়া নারীর রক্তের নমুনায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছর দেশে এটিই নিপাহ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা।
আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শামিন সুলতানা বলেন, ওই নারী নিপাহসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা নিশ্চিত হয়েছি যে, তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন।
মারা যাওয়া নারী নওগাঁ জেলার বাসিন্দা। গত ১৪ জানুয়ারি তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তার জ্বর, তীব্র মাথাব্যথা, খিঁচুনি ও বমিভাব ছিল যা নিপাহ সংক্রমণের সাধারণ লক্ষণ হিসেবে পরিচিত। চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারি তিনি মারা যান। তখন মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে আইইডিসিআর তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। সেই পরীক্ষায় নিপাহ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এর পরপরই সংস্থাটি মাঠপর্যায়ে অনুসন্ধান শুরু করেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে দেশে নিপাহ ভাইরাসের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে বাদুড়ের মাধ্যমে দূষিত খেজুরের কাঁচা রস ও বাদুড়ে খাওয়া ফল থেকে এই ভাইরাস ছড়ায়। নওগাঁকে নিপাপ্রবণ জেলা হিসেবে ধরা হয়।
আইইডিসিআর সূত্র জানায়, সম্প্রতি নিপাহ সন্দেহে দেশের বিভিন্ন জেলা থেকে অন্তত ছয়টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একটিতে নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে-যেটি ওই নারীর নমুনা।
বিশেষজ্ঞরা আবারও খেজুরের কাঁচা রস পান ও বাদুড়ে খাওয়া ফল গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি হওয়ায় জনসচেতনতা জরুরি।