নায়করাজ রাজ্জাকের ৮৪তম জন্মদিন আজ

অভিনয় দিয়েই সাধারণ থেকে হয়েছেন কিংবদন্তি। নায়ক থেকে উপাধি পেয়েছেন নায়করাজ। তিনি ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের নয়নের মনি ও কিংবদন্তি এই অভিনেতার আজ শুক্রবার ৮৪তম জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। আজ ৮৪তম জন্মদিনে নায়করাজকে স্মরণ করছেন তার সহ-অভিনেতা ও অনুরাগীরা। নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে স¤্রাট বলেন, আব্বা বেঁচে থাকার সময়ে অনেক আনন্দ উৎসব হতো। এখন যেহেতু আব্বা নেই। তাই দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন না থাকলেও পারিবারিকভাবে আমরা যতটুকু পারি উদ্যাপন করি। আর মাদ্রাসা, এতিম খানায় দোয়া এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়।
এদিকে নায়ক রাজ্জাকের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ আয়োজন। সকাল সাড়ে ৭টায় স্টুডিও থেকে সরাসরি গান দিয়ে শুরু। দুপুর ১টা ৫ মিনিটে রাজ্জাক অভিনীত সিনেমার গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’। বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে ‘নায়ক থেকে নায়করাজ’। বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের নির্মাণ ‘রাজাধিরাজ রাজ্জাক’। 
রাজ্জাক কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় সরস্বতী পূজা চলার সময় মঞ্চনাটকে অভিনয়ের জন্য তার শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নাটকের কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা ‘বিদ্রোহী’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু। ১৯৬৪ সালে রাজ্জাক সপরিবারে বাংলাদেশে চলে আসেন। চলচ্চিত্রকার আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে ছোট একটি চরিত্রে প্রথম অভিনয় করেন। এর পর ‘কার বউ’, ‘ডাক বাবু’তেও অভিনয় করেন। 
চলচ্চিত্রে নায়ক হিসেবে তার প্রথম ছবি জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। সেই থেকে তিনি তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। পরিচালনা করেন ১৬টি চলচ্চিত্র। দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয় জীবনে রাজ্জাক-সুচন্দা, রাজ্জাক-কবরী ও রাজ্জাক-শাবানা ও রাজ্জাক-ববিতার অনেক সিনেমা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে। পাশাপাশি ঢালিউডের নায়করাজ উপাধিতে ভূষিত করেছে রাজ্জাককে। কাজের স্বীকৃতিস্বরূপ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। 
নায়ক রাজ্জাকের অভিনয় করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে-বেহুলা, আগুন নিয়ে খেলা, দর্পচূর্ণ, এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, নাচের পুতুল, অশ্রু দিয়ে লেখা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, শুভ দা, অভিযান, যোগাযোগ, অন্ধ বিশ্বাস, টাকা আনা পাই, ছন্দ হারিয়ে গেল, মানুষের মন প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *