নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডের দুর্গম সৈকতে আটকা পড়া তিমিগুলোর মধ্যে ৬টির মৃত্যু হয়েছে। স্বেচ্ছাসেবকরা এখনও জীবিত ১৫টি তিমিকে দ্রুত সমুদ্রে ফেরাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার ফেয়ারওয়েল স্পিট সৈকতে ৫৫টির মতো পাইলট তিমি ভেসে এসেছিল। এদের বেশিরভাগই শেষ পর্যন্ত সমুদ্রে ফিরে যেতে পারলেও জীবিত ১৫টি তিমি এখনও আটকে রয়েছে এবং তীরের এক কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। খবর বিডিনিউজের।
সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা প্রজেক্ট জোনাহ–র দেওয়া ভিডিওতে তিমিগুলোকে ঠাণ্ডা রাখতে তাদের ওপর বালতি ভরে পানি ঢালতে দেখা গেছে। যখন জোয়ার আসবে, তিমিগুলোকে একত্রিত করে গভীর পানিতে নিয়ে যেতে আমাদের ত্বরিত ব্যবস্থা নিতে হবে, বলেছেন প্রজেক্ট জোনাহ–র লুইজা হকস। পাইলট তিমি অত্যন্ত সমাজবদ্ধ প্রাণী, এদের একে অপরের দিকে খেয়াল রাখার স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে।