খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে এক শোকবার্তায় বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। খবর বাসসের।

দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় বেগম খালেদা জিয়াকে চিরশান্তি দান, তাঁর পাপ ক্ষমা করা এবং তাঁকে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সৌদি বাদশাহ শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান একই ধরনের শোক বার্তা পাঠিয়েছেন।

কাতারের আমিরের শোক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান। আমির তাঁর শোকবার্তায় প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *