ডাক্তারি ভর্তি পরীক্ষায় সাফল্য পাওয়া ছেলের আনন্দে ব্যতিক্রমী উদযাপনের আয়োজন করেছেন এক বাবা। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি গ্রামবাসীদের জন্য ‘আইটেম ডান্স’ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সংক্রান্ত ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গ্রামের মধ্যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে এক তরুণী নৃত্য পরিবেশন করছেন এবং মঞ্চের সামনে ভিড় করে নাচ উপভোগ করছেন গ্রামবাসীরা। কেউ কেউ সেই দৃশ্য মোবাইলে ধারণ করতেও দেখা যায়। ভিডিওর ক্যাপশনে জানানো হয়েছে, ছেলের নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দেই এই আয়োজন।
ভিডিওটি ‘কমেডিকালচার.ইন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই ভিডিওটি বিপুল সংখ্যক দর্শকের নজর কাড়ে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়।
অনেকে বিষয়টিকে মজার ও ব্যতিক্রমী উদযাপন হিসেবে দেখছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ছেলের সাফল্য উদযাপন করা স্বাভাবিক, তবে তা অন্যভাবেও করা যেত। আবার অনেকেই এই বাবার আনন্দ ও উদার মনোভাবের প্রশংসা করে তাকে ‘শতাব্দীর সেরা বাবা’ বলে আখ্যা দিয়েছেন।
যদিও ভিডিওটির সঠিক স্থান ও ঘটনার পূর্ণ সত্যতা নিশ্চিত করা যায়নি, তবুও সামাজিকমাধ্যমে এটি ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।