১৫০ দিনের শাসনে ৫ বড় অর্জনের চিত্র তুলে ধরল প্রধানমন্ত্রীর কার্যালয়

দায়িত্ব গ্রহণের ১৫০ দিন বা পাঁচ মাস পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জনগণের আস্থা অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, স্বল্প সময়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব–এই পাঁচটি বিষয়কে সরকারের প্রধান অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডিপিএস–১ জাহিদুল ইসলাম রনি এবং প্রেস উইংয়ের সদস্যরা।

মাহ্‌দী আমিন বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের পাঁচ মাসের যাত্রা সময়ের হিসেবে সংক্ষিপ্ত হলেও এ সময়ে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে সরকার। দীর্ঘদিনের সংকট কাটিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, সরকারের পাঁচ মাসের অর্জনকে পাঁচটি বৃহৎ পরিসরে ভাগ করা হয়েছে। এগুলো হলো– ১. জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন অর্জন; ২. নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন; ৩. স্বল্প সময়ে অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলা; ৪. জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়া এবং ৫. প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *