উইকেটের বিশ্বরেকর্ড অখ্যাত বোলারের

টি–টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ–আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে মালির ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন বোতসোয়ানার পেসার নাবিল মাস্টার। তার বলে যেন চোখে সর্ষেফুল দেখেছে মালির ব্যাটাররা। দীর্ঘ ৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নাবিল দ্বিতীয় ম্যাচেই বল হাতে মাত্র ২ রানে শিকার করেছেন ৬ উইকেট। ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে কম রান খরচে ৬ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড এটিই। গত রোববার ২.৪ ওভার বোলিং করে এই কীর্তি গড়েন তিনি। মাত্র ০.৭৫ রান খরচ করেন ওভারপ্রতি। দুর্দান্ত পারফরম্যান্সে নাবিল ভেঙে দেন সিঙ্গাপুরের হার্শ ভার্দোয়াজের রেকর্ড। তরুণ এই লেগস্পিনার ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রান খরচায় শিকার করেন ৬ উইকেট। এখন পর্যন্ত ১২ বোলার আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৯ বা এরচেয়ে কম রান খরচায় ৬ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। এখানেও সবাইকে ছাড়িয়ে গেছেন নাবিল মাত্র ২ রানে ৬ উইকেট নিয়ে। ম্যাচের ষষ্ঠ ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক। প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভার করতে এসে প্রথম দুই বলে নেন দুই উইকেট। যদিও হ্যাটট্রিক হয়নি। সেই ওভারের শেষ বলে আরও এক উইকেট শিকার করেন নাবিল। আগের ওভারে ৩ উইকেট তুলে নেওয়ায় টানা তৃতীয় ওভার করতে আসেন নাবিল। বাকি ৪ বলে শিকার করেন আরও ৩ উইকেট। নাবিলের তোপেই মালি মাত্র ২৪ রানে গুটিয়ে যায়। ২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ জিততে কোনো কষ্ট হয়নি বোতসোয়ানার। মাত্র ২.২ ওভারে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *