আরব সাগরে আটকা ভারতীয় জাহাজকে উদ্ধারে ছুটে গেল পাকিস্তানের ‘কাশ্মীর’

যান্ত্রিক ত্রুটিতে আরব সাগরে আটকা পড়া একটি ভারতীয় জাহাজের পাঠানো বিপদ সংকেত পেয়ে ছুটে গিয়ে তার ক্রুদের উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনীর একটি নৌযান। ওমান থেকে ভারতে ফেরার পথে এমভি গৌতম নামের ওই জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যে কারণে নৌযানটি আরব সাগরে আটকা পড়ে বলে পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার ইসলামাবাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাওয়ার পর পাকিস্তান নৌবাহিনী ভারতীয় জাহাজটিকে উদ্ধার ও এর ৭ ক্রুকে সহায়তায় অভিযানে নামে। এই ক্রুদের মধ্যে ছয়জন ভারতীয়, একজন ইন্দোনেশিয়ার নাগরিক। ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধে সাড়া দিয়ে পাকিস্তান নৌবাহিনী এমভি গৌতমকে উদ্ধারে পিএমএসএস কাশ্মীরকে পাঠায়। এই উদ্ধার অভিযানে পাকিস্তানের নৌবাহিনীকে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও সহায়তা করেছে বলে জানা গেছে। উদ্ধারের পর এমভি গৌতমের ক্রুদের খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তাও দেয় পাকিস্তান নৌবাহিনী। তাদের এ অভিযানের ভিডিও টুইট করেছে গালফ টাইমস। ভিডিওতে পাকিস্তানি নৌবাহিনীর নৌযানকে এমভি গৌতমের ক্রুদের সহায়তা দিতে দেখা যাচ্ছে। একাধিক সূত্র এনডিটিভিকে বলেছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ২২ মিনিটের দিকে গান্ধীনগরে অবস্থিত ভারতীয় কোস্ট গার্ডের আঞ্চলিক সদরদপ্তর এমভি গৌতমের দুর্দশায় পতিত হওয়ার খবর পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *