ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে শেখ তাসনিম আফরোজ ইমি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মেঘমল্লার বসুকে প্রার্থী করে প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট।
তাসনিম আফরোজ পূর্বে শামসুন্নাহার হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর মেঘমল্লার বসু বর্তমানে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে মেঘমল্লার ক্যাম্পাসে পরিচিত মুখ।
প্যানেলে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। জাবির আহমেদ জানান, এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র মঞ্চ এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয় রয়েছে।
তিনি আরও বলেন, প্যানেলের পূর্ণাঙ্গ তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে, যেখানে থাকবেন ১১ জন নারী, ২ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং ১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে মেঘমল্লার বসু বলেন, “আমরা শুধু সংগঠনের ভিত্তিতে নয়, আন্দোলনের অভিজ্ঞতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে প্যানেল গঠন করেছি। এই প্যানেল একাত্তর ও ২৪-এর গণহত্যার বিরোধিতা করে, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করতে চায়।”