তারেক রহমানকে নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন সুইডিশ সাংসদ লটটা জনসন

অস্ট্রেলিয়ান সংসদ সদস্য অ্যাবিগেল বয়েড এর পরে এবার বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে সুইডিশ সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য লটটা জনসন ফার্নারভে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ডের প্রতি একটি চিঠি লিখেছেন। আজ বুধবার (১৯ নভেম্বর) লেখা এই চিঠিতে তিনি আগামী ২৫ ডিসেম্বর এর মধ্যে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীকে লিখিত প্রশ্নের উত্তর দেয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন।

সুইডিশ সংসদ সদস্য লটটা জনসন চিঠিতে আরও লেখেন, বাংলাদেশে জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার পর এক বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এবং তার স্থলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল।

‘অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের এবং গণতান্ত্রিক নির্বাচন প্রবর্তনের প্রতিশ্রুতি দেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কোনও নির্বাচন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং বলপূর্বক গুম এবং অন্যান্য নির্যাতনের তদন্তও শুরু করেছে, তবে তা যথেষ্ট নয়।’

লটটা জনসন ফার্নারভে আরও লেখেন, প্রতিশ্রুত নির্বাচনের আগে, মানবাধিকারের সুরক্ষা আরও জোরদার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে।

‘বিএনপি এবং এর নেতা তারেক রহমানসহ সকল রাজনৈতিক দল যাতে কোন বাধা, বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তার নিশ্চয়তাও দিতে হবে।’

তিনি লেখেন, ‘এই পটভূমিতে, আমি পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ডকে জিজ্ঞাসা করতে চাই:

বাংলাদেশে গণতান্ত্রিক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে বিএনপিসহ সকল দলকে কোনো বিধিনিষেধ ছাড়াই অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তা নিশ্চিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রী কী ব্যবস্থা নেবেন?’

এই চিঠির বিষয়ে সুইডেন প্রবাসী এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন বলেন, ‘সুইডিশ সংসদ সদস্য লটটা জনসন এর লেখা এই চিঠিটি তিনি আজকে দুপুরে আমাকে ইমেইল যোগে পাঠিয়েছেন এবং নিরপেক্ষ নির্বাচন ও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিষয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।’

মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন আরও বলেন, ‘সুইডেন ও অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের আলোচনাই প্রমাণ করে জনাব তারেক রহমান এখন শুধুমাত্র বাংলাদেশের মানুষের নেতা নন, তিনি এখন আন্তর্জাতিক অঙ্গনে একজন স্বীকৃতিপ্রাপ্ত নেতা ও আস্থার প্রতীক। একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে, ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বের কোন বিকল্প নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *