বিশেষ ব্যবস্থা ফিফার সৌদি আরবের পতাকা মাটিতে রাখা যাবে না

বিশ্বকাপে মাটিতে স্পর্শ করানো যাবে না জাতীয় পতাকা। ফিফাকে এমনই অনুরোধ করেছে সৌদি আরব। নিয়ম অনুযায়ী খেলা শুরুর আগে দু’দলের বড় মাপের জাতীয় পতাকা মাঠে টান টান করে বিছিয়ে রাখা হয়। একটি বিশেষ কারণে সৌদি আরব তাদের পতাকা মাঠে না রাখার অনুরোধ করেছে। আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সাধারণ রীতি বা প্রোটোকল ভাঙা হয়েছে সৌদি আরবের জন্য। বিশ্বকাপের উদ্যোক্তা সৌদির অনুরোধ মেনে নিয়েছে। তাই খেলার আগে সৌদির পতাকা মাটিতে না রেখে কিছুটা উপরে রেখে প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতিক এবং ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিয়েই এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত। সৌদি আরবের জাতীয় পতাকায় সাদা আরবি হরফে পবিত্র ইসলামের বিশ্বাসের ঘোষণা লেখা রয়েছে। ইসলামের এই পবিত্র বাণীর কারণে সৌদি সরকারের কঠোর নির্দেশ রয়েছে যে, আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতা বা সরকারি অনুষ্ঠানে তাদের জাতীয় পতাকা যেন কখনোও মাটিতে রাখা না হয়। পতাকার ওপর দিয়ে কেউ যেন হেঁটে না যায় এবং এমন কিছু করা যাবে না, যাতে পবিত্র বাণীর মর্যাদাহানি হতে পারে। রীতি অনুযায়ী, পবিত্র বাণী লেখা পতাকা মাটিতে স্পর্শ করা অত্যন্ত অসম্মানজনক এবং ধর্মের অবমাননার সমান। এই ভাবাবেগকে মর্যাদা দিয়ে ফিফাও সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধু এ বারের বিশ্বকাপেই এমন হচ্ছে না। অতীতেও কখনও আন্তর্জাতিক কোনও ক্রীড়া প্রতিযোগিতা বা সরকারি অনুষ্ঠানে সৌদি আরবের পতাকা মাটিতে রাখা হয়নি। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলির মধ্যে সৌদি আরবের ক্ষেত্রেই এই কঠোর নির্দেশিকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *