দেশি কিউরেটর তৈরিতে বিসিবির নতুন উদ্যোগ

বাংলাদেশের ক্রিকেটে আন্তর্জাতিক মানের পিচ তৈরিতে দীর্ঘদিন ধরেই বিদেশি কিউরেটরদের ওপর নির্ভর করতে হয়েছে। এবার সেই চিত্র বদলাতে দেশীয় কিউরেটরদের দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লক্ষ্যে প্রথমবারের মতো দেশের পিচ কিউরেটর ও মাঠকর্মীদের জন্য লেভেল–১ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বিসিবি। আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুই দিনের কর্মশালা। প্রশিক্ষণ পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। কর্মশালায় আন্তর্জাতিক মানের পিচ প্রস্তুত, টার্ফ ব্যবস্থাপনা, মাঠের পরিচর্যা, মাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে উইকেট তৈরির বিভিন্ন দিক নিয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন জানিয়েছেন, দেশের কিউরেটর ও মাঠকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি বিসিবির প্রথম লেভেল–১ সার্টিফিকেশন কোর্স। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের পরীক্ষা নেওয়া হবে এবং যারা উত্তীর্ণ হবেন তারা প্রথম ধাপের সনদ অর্জন করবেন। এই কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট দেশের তিনটি প্রধান ক্রিকেট ভেন্যু থেকে মোট ৩০ জন কিউরেটর অংশ নেবেন। বিসিবির এই উদ্যোগকে দেশের পিচ ও মাঠ ব্যবস্থাপনা উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি হলে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের উইকেট প্রস্তুতে দেশীয় কিউরেটরদের ভূমিকাই আরও শক্তিশালী হবে বলে আশা করছে বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *