ডিজিটাল ডিটক্স কেন জরুরি

আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনযাপনে মানুষও যেন পরিণত হচ্ছে যন্ত্রমানবে। চোখ মেলে ভোরের আলো দেখার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমরা বড্ড ক্লান্তি অনুভব করি। কিন্তু অফিস, বাসা, পড়াশোনা থেকে শুরু করে যে কোনো কাজে মোবাইল ছাড়া আমরা কল্পনাও করতে পারি না। মোবাইলের এ প্রয়োজনই কখন যে গোটা প্রজন্মের নেশায় পরিণত হয়েছে, আমরা তা টেরও পাইনি। 

এখন শিশু থেকে বয়স্করা পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে বিনোদন খুঁজে নিচ্ছে । সুযোগ পেলেই সবাই রিলস-ভিডিওর নেশায় ডুবে যাচ্ছে। বাস্তব জীবনের মানুষগুলোর সঙ্গে সময় না কাটিয়ে ভার্চুয়াল জগতের বন্ধুদের সঙ্গে চ্যাট করে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, যার প্রভাব পড়ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। এভাবেই অবনতি ঘটছে ব্যক্তিগত সম্পর্কের, মানুষে মানুষে বাড়ছে দূরত্ব।

গবেষকদের মতে, ফেসবুক বা সামাজিক মাধ্যম আমাদের নানাভাবে ক্ষতি করে। লাইক, কমেন্ট আর শেয়ারের প্রতিযোগিতা যেমন নেশায় পরিণত হয়, তেমনি ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার অভ্যাস মস্তিষ্কে প্রভাব ফেলে। মাঝে মাঝে কারও কারও হয়তো মনে হয় কিছুদিনের জন্য সব ধরনের নেটওয়ার্ক বন্ধ করে দূরে কোথাও চলে যাই, নিজের মতো করে সময় কাটানোর প্রয়োজনীয়তা বোধ করি। জীবন থেকে ডিজিটাল দুনিয়ার প্রভাব কাটানোর মূল চাবিকাঠি হচ্ছে ‘ডিজিটাল ডিটক্স’।
এই ডিজিটাল ডিটক্স অত সোজা নয়। প্রযুক্তির নেশা কমাতে চাইলে ধীরে ধীরে শুরু করতে হবে এ প্রক্রিয়া।

ডিজিটাল ডিটক্স কী?
ডিজিটাল ডিটক্স হলো নির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন, ল্যাপটপ, সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা বা সম্পূর্ণ বিরতি নেওয়া। এটি আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত কার্যকর।

ডিজিটাল ডিটক্স কেন গুরুত্বপূর্ণ?
মানসিক প্রশান্তি: সোশ্যাল মিডিয়া ও অতিরিক্ত স্ক্রিন টাইম মানসিক চাপ, হতাশা ও উদ্বেগ বাড়াতে পারে। বিরতি নিলে মন শান্ত হয়। 

একাগ্রতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি: বারবার ফোন চেক করলে মনোযোগ নষ্ট হয়। ডিজিটাল ডিটক্স করলে কাজের দক্ষতা বাড়ে।

ঘুমের গুণগত মান উন্নয়ন: রাতে বেশি স্ক্রিন টাইম (বিশেষ করে ব্লু লাইট) ঘুমের ব্যাঘাত ঘটায়। ডিটক্স করলে ভালো ঘুম হয়।

সামাজিক সম্পর্কের উন্নতি: বাস্তব জীবনে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ফলে সম্পর্ক আরও মজবুত হয়।

শারীরিক সুস্থতা: অতিরিক্ত স্ক্রিন টাইম চোখের ক্লান্তি, মাথাব্যথা ও ঘাড়ের ব্যথা সৃষ্টি করতে পারে।

কীভাবে ডিজিটাল ডিটক্স করা যায়?
নির্দিষ্ট সময় নির্ধারণ করুন: প্রতিদিন ১-২ ঘণ্টা ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকুন বা সপ্তাহে এক দিন ‘ডিজিটাল ফ্রি ডে’ রাখুন।

স্ক্রিন টাইম মনিটর করুন: ফোনের স্ক্রিন টাইম অপশন বা অ্যাপ ব্যবহার করে দৈনিক ব্যবহারের সীমা নির্ধারণ করুন।

সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন: নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন বন্ধ রাখুন বা কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ আনইনস্টল করুন।

ভাবার অভ্যাস তৈরি করুন: ডিজিটাল দুনিয়ার মোহে পড়ে নিজেকে নিয়ে ভাবারও যেন অবকাশ পাওয়া যায় না। মোবাইল দূরে সরিয়ে রোজ নির্দিষ্ট একটি সময় নিজের সঙ্গে সময় কাটান। প্রথমে কয়েক মিনিট, ধীরে ধীরে সময় বাড়ান। দেখবেন, আস্তে আস্তে ভাবনাচিন্তার পরিসর অনেক বেড়েছে। রাতে শোয়ার আগে মোবাইল না দেখে ডায়েরি লেখা কিংবা বই পড়ার অভ্যাস শুরু করতে পারেন।

বাস্তব জীবনের অভ্যাস গড়ে তুলুন: বই পড়া, হাঁটা, ধ্যান, ব্যায়াম, গান শোনা বা শখের কোনো কাজে সময় দিন।

ফোন-ফ্রি জোন তৈরি করুন: ঘুমের আগে ও খাবার সময় ফোন থেকে দূরে থাকুন।

বন্ধু ও পরিবারকে সঙ্গে নিন: সবাই মিলে পরিকল্পিতভাবে ডিজিটাল ডিটক্স করলে এটি আরও কার্যকর হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *