চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
টাস্কফোর্সের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এঙপ্রেস ট্রেনে অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় বাজি, কসমেটিকস সামগ্রী ও বাসমতি চাল জব্দ করা হয়।
অধিনায়ক মীর আলী এজাজ জানান, জব্দৃকত চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।