নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনেই এক ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘর্ষে জড়িত থাকা ও নৈতিক স্খলনের অভিযোগে আরও তিন নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুর রহমান রাজা সম্প্রতি উপজেলা চত্বরে ওসির উপস্থিতিতেই এক ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জেলা যুবদল এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
এছাড়া নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দলীয় নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাটোর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি (প্রস্তাবিত) আব্দুল গফুর, পিঁপরুল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. লিটন এবং একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরব আলীকেও বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চার নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তাদের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। একইসঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জেলা যুবদল নেতৃবৃন্দ সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দিয়েছেন।