৩০ হাজার ফুট উচ্চতায় পাইলটের হার্ট অ্যাটাক

স্পেনের টেনেরিফে থেকে যুক্তরাজ্যের বার্মিংহামগামী জেট–টু এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান পর্তুগালে জরুরি অবতরণ করার পর এর পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিমান ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় ক্যাপ্টেন অসুস্থ হয়ে পড়লে ২২০ জন যাত্রী নিয়ে যাওয়া জেট–টু’র ফ্লাইট এলএস ১২৬৬ পোর্তোর ফান্সিসকো সা কার্নেইরু–তে জরুরি অবতরণে বাধ্য হয়। শুক্রবার স্থানীয় সময় ভোরের আগে এ ঘটনাটি ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো ইউকে–র এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

ফ্লাইটটির যাত্রীরা জানান, বিমান মাঝ আকাশে থাকা অবস্থায় আচমকাই কেবিন ক্রু’রা করিডোর দিয়ে ছোটাছুটি শুরু করেন এবং ফ্লাইটে কোনো চিকিৎসক বা নার্স আছেন কিনা তা জানতে চান। দ্রুত নিচে নামার সময় বিমানের ভেতরের বাতিগুলো কাঁপছিল, সেসময় অনেক শিশুকে কাঁদতেও দেখা যায়। স্থানীয় সময় রাত ২টা ১১ মিনিটে বিমানটি পোর্তোর ওই বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই জরুরি উদ্ধারকারী দল ভেতরে প্রবেশ করে।

চিকিৎসকরা ককপিটের ভেতরেই পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম সানকে এক যাত্রী বলেন, আমি আর আমার সঙ্গী ঘুমাচ্ছিলাম, চারপাশের শোরগোলে হঠাৎ আমাদের ঘুম ভেঙে যায়। সেসময় বিমানের বাতিগুলো জ্বলছিল–নিভছিল এবং বিপর্যস্ত অবস্থায় থাকা কেবিন ক্রু’রা চিকিৎসকের খোঁজ করছিলেন। জরুরি অবতরণের জন্য বিমানটি খুব দ্রুত নিচে নামতে থাকায় আমাদের দুই বছরের সন্তানসহ ভেতরের অনেক শিশুই কান্নাকাটি শুরু করে।

অবতরণের পর যাত্রীদের প্রায় এক ঘণ্টারও বেশি সময় বিমানের ভেতরেই অপেক্ষা করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *