প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ

সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার’ এক জরিপ প্রতিবেদনে এমন দাবি করেছে।

এক জরিপ অনুসারে সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ ৪২.১% মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ৩৪.৯% ভোটার।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৬.২% ভোটার জানিয়েছেন, তারা এ বিষয়ে নিশ্চিত নন। অংশগ্রহণকারী ৪.১% মন্তব্য করতে রাজি হননি। আর ১.৮% ভোটার নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা প্রকাশ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ, ভয়েজ ফর রিফর্মের সম্পাদক এবং বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন।

সোচ্চারের জরিপে দেখা গেছে, সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। পাশাপাশি ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে ড. শিব্বির আহমেদ বলেন, প্রধান চারটি রাজনৈতিক দলের নির্বাচনি এলাকা— ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনে ভোটারদের মতামত নেওয়া হয়েছে। এসব আসনে সর্বশেষ নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, তাদের মধ্য থেকেই এ তথ্য পাওয়া গেছে।

ড. শিব্বির জানান, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এছাড়া ৬ দশমিক ১ শতাংশ ভোটার ভোট দেওয়ার বিষয়ে মত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন। আর ৫ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।

গবেষণা সংস্থাটি জানিয়েছে, এ জরিপের ফলাফল ভোটারদের রাজনৈতিক মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *