প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী লক্ষ্যমাত্রা নিয়ে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী খাল জলাশয় পুনঃখনন করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা পঞ্চগড়ের বোদায় পাথরাজ নদী পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি যেখানে দাড়িয়ে রয়েছি ১৯৮০ সালে একই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাথরাজ নদী খননের মধ্য দিয়ে খাল খনন কর্মসূচীর শুরু করেছিলেন। ৫৫ কিলোমিটার জুড়ে সেই খাল এখন অনেকটা ভরাট হয়ে গেছে। এটি পুনঃখনন করে পানি ভরাট রাখতে পারলে প্রায় ৫০ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে এবং প্রায় ৩ লক্ষ মানুষ এর সুফল ভোগ করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আগামী ৫ বছরের মধ্যে ২৫ হাজার কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। এই সব নদী খাল জলাশয় খনন করে দুই ধারে বৃক্ষরোপণ এর মাধ্যমে বনায়ন প্রকল্প বাস্তবায়িত হবে বলেও তিনি জানান।
এছাড়াও প্রতিমন্ত্রী আরও বলেন, এই সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে, কৃষকদের জন্য ১০হাজার টাকা সুদসহ কৃষি ঋন মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা বারবার বলেছি দূর্নীতির গলা চেপে ধরে জিরো টলারেন্স এর মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে এই সরকার বদ্ধ পরিকর।
এসময় রংপুর উত্তরাঞ্চল পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মুহাম্মদ সরফরাজ বান্দা, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপবিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, বোদা থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।