সংক্রমণের শঙ্কায় সিসিইউতে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সংক্রমণের শঙ্কায় তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য গতকাল জানান, বিএনপি চেয়ারপারসনের নিউমোনিয়া হয়েছে। কেবিনে সংক্রমণের ঝুঁকি থাকায় তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে। সেখানে দুই-তিন দিন থাকার প্রয়োজন হতে পারে। তবে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের প্যারামিটারগুলো মোটামুটি ভালো আছে। তাঁর রক্তের হিমোগ্লোবিন, প্রেশার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে।

এই চিকিৎসক জানান, মেডিকেল বোর্ড নিরবচ্ছিন্নভাবে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।  সার্বক্ষণিকভাবে ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে থাকছেন। বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করা হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন।

বুধবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, চিকিৎসকদের পরামর্শে ম্যাডামের জন্য বাসা থেকেই খাবার দেওয়া হচ্ছে। ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সার্বক্ষণিক তাঁর সঙ্গে থাকছেন। এ ছাড়া গৃহপরিচারিকা ফাতেমা ও স্টাফ রূপা আক্তার সঙ্গে আছেন।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া
দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *