বয়স ৩৮ ছুঁয়েছে, কিন্তু লিওনেল মেসির জাদুকরি পায়ের ধার যেন একটুও কমেনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে তিনি স্পর্শ করলেন আরও একটি অবিশ্বাস্য মাইলফলক। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৯০০ গোলের বিরল কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন জাদুকর।
ফুটবল ইতিহাসের অফিশিয়াল ম্যাচে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এই অনন্য উচ্চতায় পা রাখলেন মেসি। তার সামনে এখন কেবলই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো, যার বর্তমান গোলসংখ্যা ৯৬৫।
মেসি মানেই যেন রেকর্ড আর মাইলফলকের সমাহার। অবিশ্বাস্য সব গল্প দিয়ে নিজের ক্যারিয়ারের চিত্রনাট্য সাজিয়েছেন তিনি। তার এই ৯০০ গোলের পরিসংখ্যানও রীতিমতো বিস্ময়কর।
মেসির ৯০০ গোলের মধ্যে বাঁ পা থেকে এসেছে ৭৫৫টি। ডান পা থেকে ১১১টি, হেড ৩০টি, ৪ টি অন্যান্য। এর মধ্যে ৭২৪টি করেছেন বক্সের ভেতর থেকে, ১৭৬টি করেছেন বক্সের বাইরে থেকে।
ক্লাব ক্যারিয়ারে মেসির সবচেয়ে বড় ও উজ্জ্বল অধ্যায় কেটেছে এফসি বার্সেলোনায়। এছাড়া পিএসজি এবং বর্তমানে ইন্টার মায়ামিতেও ছড়াচ্ছেন আলো। জাতীয় দলেও তিনি সমান উজ্জ্বল।
মেসির গোলের মধ্যে আর্জেন্টিনা জাতীয় দল থেকে করেছেন ১১৫ গোল। বার্সেলোনায় ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল। ইন্টার মায়ামিতে ৯২ ম্যাচে ৮১ গোল।
মেসির ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল বছর ছিল ২০১২ সাল। সে বছর এক পঞ্জিকাবর্ষে অবিশ্বাস্য ৯১ গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি, যা আজও অক্ষত।