৭৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল ‘সিনার্স’

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) মনোনয়ন ঘোষণায় রচিত হলো নতুন ইতিহাস।  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত ঘোষণায় সবচেয়ে বেশি আলো কেড়ে নিলো পরিচালক রায়ান কুগলারের থ্রিলার চলচ্চিত্র ‘সিনার্স’। ভ্যাম্পায়ার ঘরানার এই ছবি পেয়েছে রেকর্ড ১৬টি অস্কার মনোনয়ন, যা অস্কারের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ১৪টি করে মনোনয়ন পেয়েছিল টাইটানিক, অল অ্যাবাউট ইভ ও লা লা ল্যান্ড।

২০২৫ সালের এপ্রিলে মুক্তি পাওয়া ‘সিনার্স’ ছিল না অস্কারের চিরাচরিত শেষদিকের মুক্তিপ্রাপ্ত ছবির দলে। তবু সব হিসাব উল্টে দিয়ে ছবিটি হয়ে উঠেছে এবারের সবচেয়ে বড় চমক।

এর ঠিক পেছনেই রয়েছে পরিচালক পল থমাস অ্যান্ডারসনের রাজনৈতিক রস মেশানো চেজ ফিল্ম ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি পেয়েছে মোট ১৩টি মনোনয়ন, যার মধ্যে রয়েছে চারটি অভিনয় বিভাগের তিনটি। তবে ছবিটির আলোচিত অভিনয়শিল্পী চেজ ইনফিনিটি সেরা অভিনেত্রী বিভাগে জায়গা পাননি—যা অনেকের কাছেই বড় চমক।

অভিনয় বিভাগে চমক ও বিস্ময়

সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন না পাওয়াদের তালিকায় আছেন ২০১৩ সালের অস্কারজয়ী জেনিফার লরেন্স (ডাই মাই লাভ) এবং অ্যামান্ডা সাইফ্রেড (দ্য টেস্টামেন্ট অব অ্যান লি)।
অন্যদিকে দীর্ঘদিন পর মনোনয়ন পেয়ে আলোচনায় কেট হাডসন। ২০০১ সালের অলমোস্ট ফেমাস–এর পর আবার অস্কারের দৌড়ে ফিরলেন তিনি, এবারে সং সং ব্লু ছবির জন্য।

পুরুষ অভিনয় বিভাগেও ছিল চমক। হ্যামনেট ছবিতে উইলিয়াম শেক্সপিয়ার চরিত্রে অভিনয় করা পল মেস্কাল জায়গা না পাওয়ায় অনেকেই বিস্মিত।

এদিকে গত বছর ১০টি মনোনয়ন পাওয়া মিউজিক্যাল উইকেড: ফর গুড এবছর একেবারেই কোনো মনোনয়ন পায়নি, মাঝারি রিভিউয়ের প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

‘সিনার্স’-এর দাপট

গোল্ডেন গ্লোবসে উপেক্ষিত হলেও উনমি মোসাকু ও ডেলরয় লিন্ডো অস্কারে অভিনয় বিভাগে মনোনয়ন পেয়েছেন। তাঁদের সঙ্গে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন মাইকেল বি জর্ডান—সব মিলিয়ে ‘সিনার্স’-এর জয়জয়কার স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *