হলিউডে কাজ নিয়ে বিতর্ক, ভক্তদের সমর্থনে সায় প্রিয়াঙ্কার

হলিউডে নিজের অবস্থান তৈরি করলেও প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি ইতালির মিলানে এক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ওই অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যায় ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপা ও হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়েকে। তবে ভাইরাল হওয়া কিছু ভিডিও ঘিরে নেটিজেনদের একাংশ দাবি করেন, অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে নাকি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি কেউ কেউ অভিযোগ করেন, ডুয়া লিপা তাকে এড়িয়ে গিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা অন্য তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন—এমন দাবি তুলে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ মন্তব্য করেন, হলিউডে তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

এ পরিস্থিতিতে সমালোচনার বিরুদ্ধে অবস্থান নেন এক নেটিজেন। তার বক্তব্য, প্রিয়াঙ্কার জনপ্রিয়তা ব্যবহার করেই অনেকেই সামাজিক মাধ্যমে মনোযোগ কাড়ছেন, আবার একই সঙ্গে তাকেই ছোট করে দেখানোর চেষ্টা করছেন। বিদেশে সফল কোনো ভারতীয়কে সমর্থন না দিয়ে বরং সমালোচনা করার প্রবণতাকেও তিনি প্রশ্নবিদ্ধ করেন।

এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়াও ভিডিওটিতে প্রতিক্রিয়া জানান। তিনি সেটি ‘লাইক’ করেন, যা তার অবস্থান স্পষ্ট করে বলে মনে করছেন অনেকেই।

এদিকে পরবর্তীতে আরও কিছু ভিডিও সামনে আসে, যেখানে ডুয়া লিপার সঙ্গে স্বাভাবিকভাবেই আলাপ করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ফলে বিতর্কের অনেকটাই প্রশমিত হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি অস্কারের মঞ্চেও তাকে উপস্থাপনা করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *